নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধভাবে মজুত করে রাখা ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় তেল মজুত করে বাড়তি দামে বিক্রির দায়ে ‘মেসার্স কৃষি সাথী’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওসমান গণিকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রামপুর বাজারে অবস্থিত ‘মেসার্স কৃষি সাথী’ নামক প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান জ্বালানি তেল সংকটের সুযোগ নিয়ে ওই ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুত করে লাইসেন্স ছাড়াই বেশি দামে বিক্রি করে আসছিলেন।
এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার গুদামঘরে ড্রামে সংরক্ষিত ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা, মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
আরও পড়ুন: নেত্রকোনায় কৃষককে লাঠির আঘাতে হত্যার অভিযোগ
এদিকে জব্দকৃত পেট্রোল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ইউএনও মো. রিফাতুল ইসলাম জানান, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে।

