Friday, November 10, 2023

ইনস্টাগ্রামে জনপ্রিয় হতে চেয়েছিলেন তাঁরা, শেষ পর্যন্ত...

 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে জনপ্রিয় হতে চেয়েছিলেন তিন তরুণ। এর জন্য ব্যস্ত একটি সড়কে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি নিয়ে স্টান্ট করেছিলেন তাঁরা। এতে সড়কে তীব্র যানজট দেখা দেয়। শেষ পর্যন্ত তাঁদের জনপ্রিয়তার গুড়ে বালি। ইতিমধ্যে ওই তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে ঘটেছে এমন ঘটনা।

ভিডিওতে দেখা যায়, গুরুগ্রাম শহরের গলফ কোর্সের রাস্তায় একটি লাল গাড়ি উল্টো দিকে চলছে। এটিকে অনুসরণ করছিল আরও তিনটি গাড়ি। ব্যাকগ্রাউন্ডে বাজছিল হরিয়ানভি গান।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনপ্রিয়তা পাওয়ার বদলে তাঁদের ডাক পড়ল পুলিশ স্টেশনে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে এবং তাঁদের তিনটি গাড়ি জব্দ করে।



প্রাথমিক তদন্তে জানা গেছে, যে গাড়ি দিয়ে স্টান্ট করা হয়েছিল, সেটি সংস্কার করা হয়েছিল। এটির রং আগে সাদা ছিল, পরে লাল রং করা হয়।

পুলিশের সহকারী কমিশনার কপিল আহলাওয়াত বলেন, ২৩ অক্টোবর ওই তিন তরুণ গলফ কোর্স রোডে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি নিয়ে স্টান্ট করার একটি রিল তৈরি করছিলেন তাঁরা।

গাড়ির এ ধরনের স্টান্ট করা যেকোনো মুহূর্তে বিপদের কারণ হতে পারে উল্লেখ করে তরুণদের এ ধরনের ভিডিও না বানানোর অনুরোধ করেছে পুলিশ বিভাগ।

গুরুগ্রামের এমন ঘটনা এটাই প্রথম নয়; শহরের রাস্তা প্রায়ই এমন বিপজ্জনক স্টান্ট করতে দেখা যায়। সম্প্রতি গুরুগ্রামে গাড়ির ছাদে আতশবাজি পোড়ানোসহ আরও বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.