Sunday, March 29, 2026

এবার প্রতারণা মামলায় রিমান্ডে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

এবার প্রতারণা মামলায় রিমান্ডে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

 

এবার রাজধানীর পল্টন থানার প্রতারণা মামলায় সাবেক সংসদ সদস্য ও আবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাবেক সংসদ সদস্য ও আবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ফাইল ছবি
সাবেক সংসদ সদস্য ও আবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

১ মিনিটে পড়ুন

গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৯ মার্চ) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।

 
এর আগে, সকালে আদালতে তুলে রাজধানীর পল্টন থানার প্রতারণার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে ডিবি।
 
 
গত ২৩ মার্চ ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মানবপাচারের অভিযোগে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত।
 
মাসুদ উদ্দিন চৌধুরীকে বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাইয়ে হত্যার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। আগামী ৭ এপ্রিল তাকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

ছাত্রদল নেতা খোরশেদ হত্যা: প্রধান আসামি ‘কাকা তারেক’ ৫ দিনের রিমান্ডে

ছাত্রদল নেতা খোরশেদ হত্যা: প্রধান আসামি ‘কাকা তারেক’ ৫ দিনের রিমান্ডে

 

কক্সবাজারের জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি মোহাম্মদুল হক প্রকাশ ওরফে ‘কাকা তারেকের’ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ মার্চ) দুপুরে কক্সবাজারে ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদুল হক প্রকাশকে আদালতে নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ
রোববার (২৯ মার্চ) দুপুরে কক্সবাজারে ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদুল হক প্রকাশকে আদালতে নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ

প্রতিবেদক, কক্সবাজার

১ মিনিটে পড়ুন

রোববার (২৯ মার্চ) দুপুরে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম শুনানি শেষে এই রিমাণ্ডের আবেদন মঞ্জুর করেন বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।


তিনি জানান, পুলিশের পক্ষে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ মার্চ রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ছাত্রদল নেতা খোরশেদ আলম। এ ঘটনায় পরদিন চকরিয়ার খুটাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত তারেককে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) রাতে নিহতের ছোট ভাই নওশাদ আলম বাদী হয়ে তারেককে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে। মামলায় প্রধান সাক্ষী করা হয়েছে নিহতের বান্ধবী নারী সমন্বয়ক রাইসা সুলতানা তারিনকে।

নিহত খোরশেদ আলম শহরে পূর্ব পাহাড়তলী ইউসূলেরঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক।

প্রধান অভিযুক্ত মোহাম্মদুল হক প্রকাশ কাকা তারেক কক্সবাজারের রামু উপজেলার খোন্দকার পাড়ার মোজাম্মেল হকের ছেলে।

রাঙ্গামাটিতে নতুন নিয়মে জ্বালানি সরবরাহেও কমছে না ভেগান্তি

রাঙ্গামাটিতে নতুন নিয়মে জ্বালানি সরবরাহেও কমছে না ভেগান্তি

 

রাঙ্গামাটিতে নতুন নিয়মে জ্বালানি তেল সরবরাহ শুরু করেছে ফিলিং স্টেশনগুলো। রোববার সকালে শহরের সবকটি পাম্প থেকে একযোগে জ্বালানি তেল সরবরাহ করতে দেখা গেছে।

তেলের জন্য দীর্ঘ লাইন। ছবি: সময় সংবাদ
তেলের জন্য দীর্ঘ লাইন। ছবি: সময় সংবাদ

প্রতিবেদক, রাঙ্গামাটি

২ মিনিটে পড়ুন

প্রতিটি পাম্পে গাড়ি ও মানুষের দীর্ঘ সারি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত মোবাইল টিমও কাজ করছে।


প্রশাসনের নতুন নিয়মেও জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে থাকার পর তেল না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। 


চালক নাহিদ বলেন, ‘সকাল ৭ টা থেকে লাইনে থেকেও ডিজেল পাচ্ছি না। দিনের অর্ধেক সময় তো এখানেই কেটে গেল, গাড়ি চালাব কখন? প্রয়োজন মতো তেল না দিয়ে খেলা খুশি মতো তেল দিচ্ছে। আমরা কি অপরাধ করলাম?’


বোট চালক শহিদ বলেন, ‘আমার বোটের জন্য তেল নিতে আসছি। শুনেছিলাম নতুন নিয়মে সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত পাবলিককে জ্বালানি দেয়া হবে, কিন্তু এসে দেখছি প্রশাসনের গাড়িতেও তেল দেয়া হচ্ছে। তাদের তো তেল দেয়ার কথা ২ টা থেকে। তাহলে এই নিয়ম করে কী লাভ হলো।’ 

আরও পড়ুন: অকটেন পেতে এক কিলোমিটার মোটর সাইকেলের লাইন

কৃষক সঞ্জয় চাকমা বলেন, ‘আমি বন্দুকভাঙ্গা থেকে তেল নিতে আসছি, জমিতে সেচ দিতে হবে। পানির অভাবে ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। সবেমাত্র ধানের থোড় আসতে শুরু করেছে, পানি দিতে না পারলেতো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ডিজেল তো পাচ্ছি না।’ 


তবে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, ‘এই প্রথম রাঙ্গামাটির সব পাম্প থেকে একযোগে নিয়ম মাফিক জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এতে গ্রাহকদের ভোগান্তি কমবে। বিশৃঙ্খলা এড়াতে পাম্পে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা আছে। সকালে সব কয়টি পাম্প ঘুরে দেখেছি সুশৃঙ্খলভাবে তেল সরবরাহ করা হচ্ছে। কেউ যাতে জ্বালানি তেল মজুত করতে না পারে, সে জন্য আমাদের একাধিক মোবাইল টিম মাঠে কাজ করছে।’


রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিরার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত গণপরিবহন ও সাধারণ মানুষ, এবং বেলা ২ টা থেকে ৩টা পর্যন্ত সরকারি গাড়ি ডিজেল সংগ্রহ করতে পারবে। অন্যদিকে শনি সোম ও বুধবার একই নিয়মে অকটেন ও পেট্রোল সংগ্রহ করতে পারবে। গতকাল বিকেলে এ নতুন নিয়ম চালু করে জেলা প্রশাসন।

বাড়িতে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

বাড়িতে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

 

‎ ‎রংপুরের গংগাচড়ায় বাড়িতে পেট্রোল অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাড়িতে মজুত করা পেট্রোল। ছবি: সময় সংবাদ
বাড়িতে মজুত করা পেট্রোল। ছবি: সময় সংবাদ

রংপুর ব্যুরো

১ মিনিটে পড়ুন

রোববার (২৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার। এর আগে শনিবার (২৮ মার্চ) উপজেলার বেতগাড়ি, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ‘সবুজ স্টোর’-এর মালিক প্লাস্টিকের ড্রামে পেট্রোল মজুত করে নিজ বাসায় লুকিয়ে রাখতেন। পরে সংকটকে কাজে লাগিয়ে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করতেন তিনি।


গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মার্চ) অভিযান চালিয়ে তার বাসা থেকে মজুত করা জ্বালানি তেল জব্দ করে প্রশাসন। এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানসহ একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: রংপুরে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, একাত্মতা ঘোষণা পাম্প মালিক সমিতির


‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তার বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।


এদিকে, শনিবারও রংপুরের পাম্পগুলোতে তেল সংকট দেখা গেছে। প্রতিটি তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, গাড়ির লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেক গ্রাহক তেল না পেয়ে ঘুরে গেছেন। তেলের সংকট নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তারা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান।

কুড়িগ্রামে জ্বালানি তেল বিক্রিতে কড়াকড়ি

কুড়িগ্রামে জ্বালানি তেল বিক্রিতে কড়াকড়ি

 

সংকটের মধ্যে কুড়িগ্রাম জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ে কঠোর নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। এক জরুরি ঘোষণায় জানানো হয়, অনুমোদিত ফিলিং স্টেশন ও ডিলার ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

তেলের জন্য পাম্পে মোটসাইকেল চালকদের ভিড়। ছবি: সময় সংবাদ
তেলের জন্য পাম্পে মোটসাইকেল চালকদের ভিড়। ছবি: সময় সংবাদ

প্রতিবেদক, কুড়িগ্রাম

১ মিনিটে পড়ুন

শনিবার (২৮ মার্চ) বিকেলে এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলারকে প্রতিদিন তেল বিতরণ শুরুর আগে মজুদের তথ্য প্রদর্শন করতে হবে। একই সঙ্গে বোতল, ড্রাম বা কনটেইনারে করে কোনো অবস্থাতেই জ্বালানি তেল বিক্রি বা সংগ্রহ করা যাবে না।


তবে শুধুমাত্র সরকারি বা বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদিত বিশেষ কাগজের মাধ্যমে নির্ধারিত পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। এছাড়া মোটরসাইকেলসহ সব যানবাহনের ক্ষেত্রে জ্বালানি সংগ্রহের সময় বৈধ কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কার্ড ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী তা প্রদর্শন করতে হবে।

মোটরসাইকেলের জন্য নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনোভাবেই তেল সরবরাহ করা হবে না।

আরও পড়ুন: গোয়ালঘরে ড্রাম ভরা পেট্রোল, জরিমানা

জেলা প্রশাসন আরও জানায়, ফিলিং স্টেশন ও ডিলার কেন্দ্রে শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হবে।

জনদুর্ভোগ এড়াতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে জানতে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, বিষয়টি গণবিজ্ঞপ্তিতে বিস্তারিত বলা আছে।